img

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এখন এককভাবে বসেছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে নিজের বিশ্বকাপ গোলসংখ্যা ১৮ তে উন্নীত করেছেন আর্জেন্টাইন মহাতারকা। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে, যার ঝুলিতে ছিল ১৬ গোল।

তবে মেসির এ রেকর্ডের আড়ালে রয়েছে একটি ব্যতিক্রমধর্মী পরিসংখ্যান। বিশ্বকাপে তার করা ১৮ গোলের মধ্যে ১৬টিই এসেছে এমন প্রতিপক্ষের বিপক্ষে, যারা কখনো বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি।

২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে গোল করে বিশ্বকাপের মঞ্চে নিজের গোলযাত্রা শুরু করেন মেসি। এরপর ২০১৪ বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে চারবার জালের দেখা পান তিনি। ২০১৮ আসরে আবারও নাইজেরিয়ার বিপক্ষে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেন মেসি। এর মধ্যে সৌদি আরব, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তার গোলগুলো ছিল পেনাল্টি থেকে।

সেই বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দুটি গোলের একটি এসেছিল পেনাল্টি থেকে।

চলমান ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে আরও দুটি গোল যোগ করে বিশ্বকাপ গোলসংখ্যা নিয়ে গেছেন ১৮ তে।

সব মিলিয়ে মেসির ১৮ গোলের মধ্যে মাত্র দুটি এসেছে কোনো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে। সেই দুটি গোলই ছিল ২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে। বাকি ১৬ গোল এসেছে এমন সব দলের বিপক্ষে, যাদের বিশ্বকাপ জয়ের কোনো ইতিহাস নেই।

অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা হওয়ার পাশাপাশি আরেকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন তার দখলে। টুর্নামেন্টটিতে তিনবার পেনাল্টি মিস করেছেন তিনি।

৩৮ বছর বয়সেও মেসির রেকর্ড গড়ার অভিযান থামার কোনো লক্ষণ নেই। বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচেই তিনি যেন নতুন করে ইতিহাস লিখছেন। আর তার ১৮ গোলের এই অনন্য পরিসংখ্যান সেই ইতিহাসেরই আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকল।

এই বিভাগের আরও খবর